
শান্তিপূর্ণ ও নিরস্ত্র বিক্ষোভকারীদের আইনগত প্রক্রিয়া ছাড়া আটক করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে দিল্লিতে মেট্রো ও রেল পরিষেবা স্বাভাবিক রাখা, ইন্টারনেট সংযোগ সচল রাখা এবং মানুষের অবাধ চলাচল নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১১ অক্টোবর) বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ এসব নির্দেশ দেন। খবর হিন্দুস্তান টাইমসের।
বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট ও অন্যান্য আদালত চত্বরের আশপাশে জারি করা বিধিনিষেধমূলক নোটিশ প্রত্যাহারেরও নির্দেশ দিয়েছেন আদালত।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে শনিবারের বিক্ষোভের আগে গণহারে আটক, মানুষের চলাচলে বিধিনিষেধ, ইন্টারনেট পরিষেবা স্থগিত এবং পরিবহন নিয়ন্ত্রণের ঘটনায় আদালতের আগের নির্দেশ অমান্য করার অভিযোগ ওঠে। এ বিষয়ে জরুরি শুনানি শেষে নতুন নির্দেশনা দেন সুপ্রিম কোর্ট।
মেট্রো, রেল ও ইন্টারনেট সচল রাখার নির্দেশ
বিশেষ বেঞ্চের নির্দেশনায় বলা হয়, সংবিধানের ১৯(২) অনুচ্ছেদের আওতায় জনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে বিধিনিষেধ আরোপের প্রয়োজন না হলে মেট্রো ও রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে। আইন মেনে শহরে মানুষের অবাধ চলাচল নিশ্চিত করতে হবে এবং ইন্টারনেট পরিষেবাও সচল রাখতে হবে।
আদালত আরও বলেন, আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে কাউকে আটক করা যাবে না। বিশেষ করে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায় জারি করা নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত এলাকায় শান্তিপূর্ণ ও নিরস্ত্র সমাবেশের ক্ষেত্রে এ নির্দেশ কার্যকর থাকবে।
দিল্লি পুলিশ ও রেল কর্তৃপক্ষকে নোটিশ
আদালত অবমাননার অভিযোগে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি), সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষ এবং দিল্লি পুলিশকে নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। গত ৯ অক্টোবর দেওয়া নির্দেশ অমান্য করার অভিযোগে তাদের জবাব চাওয়া হয়েছে।
শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা অভিযোগগুলো অস্বীকার করে বলেন, শনিবার মেট্রো পরিষেবা স্বাভাবিক ছিল। তবে দিল্লি মেট্রোর ৩০৩টি স্টেশনের মধ্যে ৪৫টিতে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত স্টেশনগুলোর বিস্তারিত তথ্য চেয়েছেন আদালত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মঙ্গলবারের মধ্যে জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৩ অক্টোবর মামলাটির পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
আদালত চত্বরে বিধিনিষেধ প্রত্যাহারের নির্দেশ
সুপ্রিম কোর্ট ও অন্যান্য আদালতে যাতায়াতের ক্ষেত্রে যেন কোনো ধরনের সংশয় বা ভীতি তৈরি না হয়, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। এ জন্য সুপ্রিম কোর্ট চত্বর ও আশপাশের এলাকা থেকে বিধিনিষেধ প্রত্যাহার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।
আদালতের এ নির্দেশের মাধ্যমে শান্তিপূর্ণ সমাবেশ, নাগরিকদের চলাচলের স্বাধীনতা এবং জরুরি পরিষেবা সচল রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ