প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:১৬ AM

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় ৭২৬টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। এসব হামলায় ১২১ হুতি যোদ্ধা ও কমান্ডার নিহত অথবা আহত হয়েছেন বলে জানিয়েছে তারা। শনিবার (২৮ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সরকারি বাহিনীর সামরিক মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি জানান, ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে। এর মধ্যে ২৩টি বিমান হামলা, ৬৪২টি গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা রয়েছে। তাঁর দাবি, এসব অভিযানে হুতিদের ৮১টি সামরিক যান ও বিভিন্ন সরঞ্জাম ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইয়েমেনের তাইজ, মারিব, আল-জাওফ, লাহিজ, আল-দালে ও শাবওয়াসহ কয়েকটি রণাঙ্গনে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
এদিকে, হুতিদের বিরুদ্ধে সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক অভিযান জোরদার করেছে। অন্যদিকে, হুতিরাও সৌদি আরব লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। এর আগে শুক্রবার হুতি-সংশ্লিষ্ট গণমাধ্যমের খবরে দাবি করা হয়, তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় সৌদি বিমান হামলায় ১১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাঁদের অধিকাংশই শিশু। তবে হতাহতের এসব তথ্য সংশ্লিষ্ট পক্ষগুলোর দাবি হিসেবে প্রকাশিত হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি