প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ২:২৫ পিএম

বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীর যানজট নিরসন ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বেগমগঞ্জের গোলাবাড়িয়া কাঁচাবাজারে চারতলা ভবন নির্মাণ, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের উন্নয়ন এবং বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ের নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব পরিকল্পনা ও উন্নয়ন উদ্যোগের কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী।
পরিদর্শনের শুরুতে তিনি চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের এ ক্যাটাগরির দুটি ভবনের নির্মাণকাজ ঘুরে দেখেন। পরে চৌমুহনী ভূমি কর্মকর্তার কার্যালয় ও বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয় পরিদর্শন করেন। এরপর চৌমুহনী বাজারের গোলাবাড়িয়া কাঁচাবাজার পরিদর্শন করে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বাজারের অবকাঠামোগত উন্নয়নে চারতলা ভবন নির্মাণের ঘোষণা দেন তিনি।
জরাজীর্ণ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয় পরিদর্শন শেষে সিনিয়র সচিব জানান, প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে চৌমুহনী বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা চলছে। পাশাপাশি সংশ্লিষ্ট সবার সহযোগিতায় বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণ করা হবে। এছাড়া সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের উন্নয়নেও উদ্যোগ নেওয়া হবে।
পরিদর্শনকালে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুজ্জামান, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, দলিল লেখক সমিতির উপদেষ্টা আবুল কালাম আজাদ, চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এস পি