প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ২:৩৩ পিএম

সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘সীমান্তের ওপারে কে কী করছে জানি না, তবে সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না।’ শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সাম্প্রতিক সহিংসতায় পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য আহত হয়েছেন বলে জানান মন্ত্রী। তাঁদের কারও মাথায় আঘাত, কারও হাড় ভেঙেছে। অনেককে দীর্ঘ সময় ও বিশেষায়িত চিকিৎসা নিতে হবে। আহত সদস্যদের কয়েকজনকে পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, শ্রমিক আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহত হলেও তাঁরা শ্রমিকদের আঘাত করেননি, যা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।
দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও জ্বালাও-পোড়াওয়ের বিষয়ে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সব সময় পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকে। শ্রমিকেরা মজুরি বোর্ডের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং শৃঙ্খলা বজায় রেখেছেন বলেও মন্তব্য করেন তিনি। তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াওয়ের চেষ্টা এবং দেশের কয়েকটি স্থানে মিছিলের কথা উল্লেখ করে তিনি ঘটনাগুলোকে বিচ্ছিন্ন বলে বর্ণনা করেন।
স্বদেশ প্রতিদিন/এস পি