প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ২:৫০ পিএম

গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া নিয়ে দুশ্চিন্তা ও উদ্বেগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, একটি বা দুটি বিষয় পরিবর্তনের কারণে শিক্ষার্থীরা যেন অযথা বসে না থাকে এবং মাদক কিংবা মোবাইল আসক্তিতে জড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে চায় সরকার।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ সম্মিলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষামন্ত্রী বলেন, অতীতে কোথাও কোথাও অযাচিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে, আবার কোথাও প্রয়োজন থাকা সত্ত্বেও প্রতিষ্ঠান হয়নি। শিক্ষা খাতে তখন যথাযথ সমন্বয় ছিল না।
বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, গোপনে এমন শিক্ষাক্রম তৈরি করা হয়েছিল, যার মাধ্যমে জনগোষ্ঠীকে শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে। সরকার চতুর্থ শ্রেণির জন্য নতুন বই দিয়েছে এবং ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষার নতুন বই চালুর উদ্যোগ নিয়েছে। দেশে কারিগরি শিক্ষাকে আরও শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেন তিনি।
স্বদেশ প্রতিদিন/এস পি