প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৩:০০ পিএম

পাস্তা খেতে পছন্দ করেন অনেকেই। সহজে তৈরি করা যায়, আবার স্বাদেও দারুণ—এমন খাবারের তালিকায় পাস্তা বেশ জনপ্রিয়। আর পাস্তার সঙ্গে চিংড়ি, চিজ ও নানা উপকরণ মিশিয়ে তৈরি করা যায় সুস্বাদু প্রন পাস্তা। এটি খেতে রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন নেই। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই অল্প সময়ে তৈরি করতে পারেন মজাদার এই খাবার।
প্রন পাস্তা তৈরিতে যা লাগবে
পাস্তা ২৫০ গ্রাম, চিংড়ি ১ কাপ, চিজ ১০০ গ্রাম, রসুন কুচি ১ চা-চামচ, পেঁয়াজ কুচি ১টি, মেয়োনিজ ৫০ গ্রাম, চিনি ১ চা-চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, তরল দুধ ২ টেবিল-চামচ, কাঁচা মরিচ কুচি ২টি, অলিভ অয়েল ১ টেবিল-চামচ এবং স্বাদমতো লবণ।
যেভাবে তৈরি করবেন
প্রথমে ফুটন্ত পানিতে সামান্য তেল দিয়ে পাস্তা প্রায় পাঁচ মিনিট সেদ্ধ করে নিন। পাস্তা সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে আলাদা একটি পাত্রে রাখুন।
এবার রান্নার প্যানে অলিভ অয়েল গরম করে তাতে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন। এরপর চিংড়ি, লবণ ও কাঁচা মরিচ দিয়ে প্রায় দুই মিনিট রান্না করুন।
চিংড়ি রান্না হয়ে এলে প্যানে তরল দুধ, গোলমরিচের গুঁড়া, চিজ, মেয়োনিজ ও চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তৈরি হয়ে যাবে পাস্তার জন্য সুস্বাদু সস।
সবশেষে সেদ্ধ করা পাস্তার সঙ্গে সস ভালোভাবে মিশিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেল মজাদার প্রন পাস্তা। গরম গরম পরিবেশন করুন এই সুস্বাদু খাবার।
স্বদেশ প্রতিদিন/এস পি