প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১:৪২ পিএম

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ন্যাশনাল গার্ডের একটি ক্যাম্পে সশস্ত্র হামলায় অন্তত ১৩ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় তিলাবেরি অঞ্চলের সানাম শহরে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ভারী অস্ত্রে সজ্জিত বিপুলসংখ্যক হামলাকারী সেনা ক্যাম্পে আক্রমণ চালায়। সেনাদের পালটা অভিযানে বেশ কয়েকজন হামলাকারী নিহত হয়েছেন। তাদের রসদ ও সরঞ্জাম সরবরাহের অবকাঠামোও ধ্বংস করা হয়েছে। পালিয়ে যাওয়া হামলাকারীদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
মালি সীমান্তবর্তী তিলাবেরি অঞ্চলে প্রায়ই সশস্ত্র গোষ্ঠীগুলো নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। তবে সর্বশেষ হামলার পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর দুই দিন আগে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডিফা অঞ্চলে আরেক হামলায় ১১ সেনাসদস্য নিহত হন। ওই হামলার জন্য জঙ্গিগোষ্ঠী বোকো হারামকে দায়ী করেছিল নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরপর এসব হামলায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি