| শিরোনাম: |

হরমুজ প্রণালির পূর্বাঞ্চল থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত জলসীমায় নিজেদের নিয়ন্ত্রণ ও নজরদারি বজায় রাখার দাবি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমুদ্রপথে উত্তেজনা বৃদ্ধির মধ্যে শনিবার (২৮ নভেম্বর) দেশটির সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
ইরানের সামরিক মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া দেশটির নৌবাহিনী দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ও এর আশপাশের সমুদ্র এলাকায় ইরানের নৌবাহিনী নিয়মিত নজরদারি চালাচ্ছে। তবে জলসীমাটির ওপর ইরানের নিয়ন্ত্রণের দাবির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজের চলাচল বন্ধ করে দিয়েছে মার্কিন বাহিনী। ওয়াশিংটনের দাবি, জাহাজটি ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি