প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৩:১২ পিএম

কুড়িগ্রামের রাজারহাটে ‘ফাইট আনটিল লাইট’ (ফুল)-এর উদ্যোগে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মেধা যাচাই ও শিক্ষাবৃত্তি প্রদানের লক্ষ্যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ পরীক্ষায় ইবতেদায়ি মাদ্রাসাসহ উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪২৫ জন শিক্ষার্থী অংশ নেয়।
দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত পরীক্ষাটি ছিল বহুনির্বাচনি (এমসিকিউ) পদ্ধতির। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে উপস্থিত ছিলেন ‘ফাইট আনটিল লাইট’ (ফুল)-এর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাজিদ শাহ সিয়াম। তিনি বলেন, মেধাভিত্তিক এ বৃত্তি পরীক্ষার মাধ্যমে কুড়িগ্রাম জেলার মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করা হবে। নির্বাচিত ট্যালেন্টফুল শিক্ষার্থীদের বার্ষিক শিক্ষাব্যয় বহনে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান ও সনদ প্রদান করা হবে।
রাজারহাট ইসলামী মডেল মাদ্রাসার অধ্যক্ষ মো. শোহায়বুর রহমান বলেন, ফুলের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি পড়াশোনার প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীর অভিভাবক মো. রেজাউল করিম রেজা বলেন, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি আর্থিক সহায়তা প্রদানের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
অন্যদিকে, রাজারহাট ইসলামী মডেল মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. রাফি’উ করিম পরীক্ষা শেষে তার অনুভূতি ব্যক্ত করে জানায়, পরীক্ষা দিতে তার ভালো লেগেছে। প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। বৃত্তি পাওয়ার ব্যাপারে সে আশাবাদী বলে জানিয়েছেন।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, স্থানীয় পর্যায়ে এ ধরনের মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি, পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি এবং মেধার বিকাশে সহায়ক হবে।
স্বদেশ প্রতিদিন/এস পি