প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ২:৪৩ পিএম

দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে স্থানীয় ঋণপত্রের (এলসি) তথ্য আদান-প্রদান সহজ করতে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট (বিআরটিএ) নামের এ ব্যবস্থার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো তাৎক্ষণিকভাবে স্থানীয় এলসির তথ্য বিনিময় করতে পারবে। এতে প্রচলিত আন্তর্জাতিক বার্তা আদান-প্রদান ব্যবস্থা সুইফটের ওপর নির্ভরতা কমবে এবং বছরে ৬০ থেকে ৭০ লাখ ডলার সাশ্রয় হতে পারে। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে প্ল্যাটফর্মটির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, নতুন প্ল্যাটফর্মে রপ্তানি ঋণপত্র বা রপ্তানি চুক্তির বিপরীতে খোলা স্থানীয় ও পশ্চাৎমুখী সংযোগ ঋণপত্রের তথ্য বিনিময় করা হবে। এতে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল ও উপকরণ সরবরাহকারী দেশীয় প্রতিষ্ঠানগুলো সুবিধা পাবে। তথ্যের নিরাপত্তায় একাধিক স্তরের সুরক্ষা, দুই ধাপে পরিচয় যাচাই এবং সংকেতায়িত ব্যক্তিগত নেটওয়ার্ক ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে। গভর্নর বলেন, সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। শুরুতে সুইফটের পাশাপাশি বিআরটিএ ব্যবহার করা হলেও নতুন ব্যবস্থা পুরোপুরি কার্যকর ও স্থিতিশীল হলে স্থানীয় এলসির তথ্য বিনিময়ে পর্যায়ক্রমে সুইফটের ব্যবহার বন্ধ করা হবে।
অনুষ্ঠানে গভর্নর আরও জানান, বৈদেশিক মুদ্রার বাজারে কারসাজি ও অস্বাভাবিক দর নির্ধারণের সুযোগ কমাতে আগামী এক মাসের মধ্যে স্বয়ংক্রিয় নিলামব্যবস্থা চালুর প্রস্তুতি চলছে। এ ব্যবস্থায় সফটওয়্যারের মাধ্যমে বৈদেশিক মুদ্রা কেনাবেচা হবে এবং ক্রেতা-বিক্রেতার পরিচয় গোপন থাকবে। অন্যদিকে অর্থমন্ত্রী পুঁজিবাজারের লেনদেনে স্বচ্ছতা আনতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর তথ্যব্যবস্থার মধ্যে সংযোগ স্থাপনের পরিকল্পনার কথা জানান। বিমা খাতের অনিয়মের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
স্বদেশ প্রতিদিন/এস পি