প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ২:৪৫ পিএম

গোপালগঞ্জ ও গাজীপুরে দায়িত্ব পালনকালে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের দেখতে ঢাকার পিলখানায় শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হাসপাতালে গিয়ে আহত সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি আহত সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এ সময় উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে হামলায় খুলনা সেক্টর সদর দপ্তরে কর্মরত নায়েক মো. মনির হোসেন (৪০) মাথায় আঘাত পান। প্রথমে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২১ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য পিলখানার বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।
এর আগে গত ১৬ নভেম্বর গাজীপুর শিল্পাঞ্চলে দায়িত্ব পালনকালে শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে গাজীপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান (৪৭) ও সিপাহি (সিগন্যাল) রঞ্জু মিয়া (২৫) আহত হন। খালেকুজ্জামানের ডান হাতের তিনটি আঙুলের হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। রঞ্জু মিয়ার ডান হাতের হাড় ভাঙার পাশাপাশি ডান হাত ও বাম পায়ে ক্ষত সৃষ্টি হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি