প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৩:১৬ পিএম

সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্য প্রাণী ও বনজ সম্পদ সুরক্ষায় বন বিভাগের সক্ষমতা বাড়াতে খুলনা রেঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি। ‘সুন্দরবন সুরক্ষা’ প্রকল্পের আওতায় বনকর্মীদের স্মার্ট পেট্রোলিং ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
শুক্রবার (২৭ নভেম্বর) খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের সিএমসি কার্যালয়ে এ প্রশিক্ষণ শুরু হয়। চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। এতে ফরেস্টার, ফরেস্ট গার্ড (এফজি) ও বোটম্যানসহ (বিএম) মোট ৪০ জন বনকর্মী অংশ নিচ্ছেন।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জ এ প্রশিক্ষণের আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ সাজমিনুল ইসলাম।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন মৎস্য বিশেষজ্ঞ ও স্মার্ট ডাটা কো-অর্ডিনেটর মোঃ মুফিজুর রহমান চৌধুরী ও চিকিৎসক তাহানুন রহমান।
প্রশিক্ষণে স্মার্ট পেট্রোলিংয়ের আধুনিক পদ্ধতি, প্রযুক্তির ব্যবহার এবং দুর্গম বনাঞ্চলে দায়িত্ব পালনকালে জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সুন্দরবনের বিস্তীর্ণ ও দুর্গম এলাকায় বনজ সম্পদ ও বন্য প্রাণী রক্ষায় বন বিভাগের টহল কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দায়িত্ব পালন করতে গিয়ে বনকর্মীদের প্রায়ই নানা ঝুঁকি ও জরুরি পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এ কারণে আধুনিক প্রযুক্তিনির্ভর টহলব্যবস্থা সম্পর্কে দক্ষতা অর্জন এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার সক্ষমতা বাড়ানো জরুরি।
আয়োজকেরা আশা করছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে বনকর্মীদের মাঠপর্যায়ের দক্ষতা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা বাড়বে। পাশাপাশি সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় তাঁরা আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
স্বদেশ প্রতিদিন/এস পি