প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম

ঢাকার সাভারে মশাল মিছিলে অংশ নেওয়ার প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের ৬ জন সক্রিয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সাভার মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বড় বাস, ১৫টি মশাল এবং বিভিন্ন নাশকতামূলক সরঞ্জাম ও ব্যানার জব্দ করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রুবেল (৩৫), সুজন কুমার রায় (২৭), আ. হামিদ (১৯), বাপ্পি হোসেন সাঈদ (২০), মো. ইউসুফ (২০), রাকিবুল ইসলাম (২৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন ফুলবাড়িয়া এলাকার ডিলিগেট গার্মেন্টস-এর সামনে ঢাকা-আরিচা মহাসড়কের পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় নিষিদ্ধ সংগঠনের পক্ষে মশাল মিছিলে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল দলটি।
পুলিশ আরও জানায়, অভিযানে তাদের হেফাজত থেকে ১টি লাল-সিলভার রঙের হানিফ বাস, ১৫টি বাঁশের লাঠির আগায় পাটের বস্তার চট ও জিআই তার দিয়ে পেঁচানো কেরোসিন মিশ্রিত প্রস্তুতকৃত মশাল, একটি প্লাস্টিকের বস্তায় ভরা ১টি হাতুড়ি, ১টি করাত ও ৭০০ গ্রাম জিআই তার এবং ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে মশাল মিছিল এবং আবির মাসুম সাভার থানা স্বেচ্ছাসেবক লীগ’ লেখা সংবলিত একটি ১২ ফুট লম্বা ব্যানার উদ্ধার করা হয়।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি