প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকেই দেশের নতুন তিনটি সরকারি মেডিক্যাল কলেজে শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রাথমিকভাবে প্রতিটি কলেজে ৫০ জন করে মোট ১৫০ জন শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজ তিনটি হলো রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ, নরসিংদী মেডিক্যাল কলেজ ও ঠাকুরগাঁও মেডিক্যাল কলেজ।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রকাশিত হালনাগাদ আসনসংখ্যার তালিকায় এ তথ্য জানানো হয়েছে। গত ২২ নভেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজে ৫০ জন ভর্তির সিদ্ধান্ত হয়। এর আগে ১৬ নভেম্বরের সভায় নরসিংদী ও ঠাকুরগাঁও মেডিক্যাল কলেজে ৫০টি করে আসন নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
ফুলবাড়িয়ার ৫০০ শয্যার সরকারি কর্মচারী হাসপাতালকে কেন্দ্র করে নতুন মেডিক্যাল কলেজটি প্রতিষ্ঠিত হচ্ছে। প্রাথমিকভাবে হাসপাতাল প্রাঙ্গণেই এর শিক্ষা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। পরে ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলা হবে। নতুন তিনটি কলেজসহ দেশের ৪০টি সরকারি মেডিক্যাল কলেজে মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২৭০টি। এ ছাড়া বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে আসন রয়েছে ৬ হাজার ২১টি।
স্বদেশ প্রতিদিন/এস পি