প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ২:০৪ পিএম

ফেনীর পরশুরামে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে একই পরিবারের তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধীন নিজকালিকাপুর বিওপির টহলদল সীমান্ত পিলার ২১৫৯/৩-এস-এর নিকটবর্তী শূন্যরেখা সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে বেরিবাঁধ এলাকা থেকে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও এলাকার রিপন মজুমদার (৫৫), তার স্ত্রী ডলি মজুমদার (৪৮) ও ছেলে প্রলয় মজুমদার (২৬)। প্রলয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
বিজিবি সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন মজুমদার দীর্ঘদিন ধরে আইবিএস (ইরিটেবল বাওয়েল সিনড্রোম) সমস্যায় ভুগছেন বলে জানান। উন্নত চিকিৎসার জন্য ভারতে যেতে দীর্ঘদিন ভিসা প্রক্রিয়ার অপেক্ষায় থেকেও সাড়া না পেয়ে স্থানীয় হাসান নামে এক দালালের মাধ্যমে ৬০ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন।
বিজিবি আরও জানায়, অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে আটক তিনজনের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাদের পরশুরাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি