প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১:২৫ পিএম

দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা খাতে অর্থায়ন, শিক্ষকসংকট, শিক্ষার্থী ঝরে পড়া এবং কর্মসংস্থানের ঘাটতি প্রকট হয়ে উঠেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একজন শিক্ষার্থীর পেছনে সরকারের বার্ষিক ব্যয় ৩ লাখ ১৪ হাজার ৪৭৮ টাকা। বিপরীতে সরকারি পলিটেকনিকের একজন শিক্ষার্থীর পেছনে ব্যয় মাত্র ২৭ হাজার ৯১১ টাকা। অর্থাৎ বুয়েটের একজন শিক্ষার্থীর খরচে পলিটেকনিকে পড়তে পারেন প্রায় ১১ জন।
‘এ কমপ্রিহেনসিভ স্টাডি অন টিভিইটি স্কিলস ম্যাপিং’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মধ্যে কারিগরি শিক্ষায় শিক্ষার্থী কমেছে ৭১ হাজার ১৯৬ জন বা ১৪ দশমিক ৬ শতাংশ। একই সঙ্গে এইচএসসি ভোকেশনালে ঝরে পড়ার হার ৪৪ দশমিক ৫৭ শতাংশ। সরকারি পলিটেকনিকের ১ লাখ ৫৪ হাজার ২৪৭ শিক্ষার্থীর বিপরীতে নিয়মিত শিক্ষক রয়েছেন মাত্র ১ হাজার ৪২৬ জন। ফলে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত দাঁড়িয়েছে ১:১০৮। এ ছাড়া কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন প্রতিষ্ঠানগুলোতে অনুমোদিত শিক্ষকের প্রায় ৫৬ শতাংশ পদ শূন্য রয়েছে।
প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের চিত্রও উদ্বেগজনক। ১১৯ জন কারিগরি শিক্ষার স্নাতকের ওপর পরিচালিত জরিপে ৩৫ শতাংশকে কর্মহীন পাওয়া গেছে। কর্মসংস্থানে যুক্ত ব্যক্তিদের ৮৯ শতাংশ প্রশিক্ষণসংশ্লিষ্ট কাজে নিয়োজিত থাকলেও কর্মহীনদের ৮১ শতাংশ দক্ষতা ও চাকরির চাহিদার অসামঞ্জস্যকে সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। প্রতিবেদনে পর্যাপ্ত ল্যাব ও ওয়ার্কশপের অভাব, প্রশিক্ষিত শিক্ষকের সংকট এবং শিল্পের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম হালনাগাদের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে। সংকট উত্তরণে বিনিয়োগ বাড়ানো, শিক্ষক নিয়োগ, আধুনিক প্রশিক্ষণ সরঞ্জাম নিশ্চিত করা এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সংযোগ বাড়ানোর সুপারিশ করেছে সমীক্ষা।
স্বদেশ প্রতিদিন/এস পি