প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:৫৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ হোসেন রাজু আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৭ বছর বয়সে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন। পরে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন।
আশরাফ হোসেন রাজু নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম বাছির মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ছাত্রজীবনে নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এবং পরে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন; সর্বশেষ ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ পথচলা ও সাংগঠনিক ভূমিকার কারণে তিনি নেতাকর্মীদের কাছে পরিচিত মুখ ছিলেন।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (২) দেলোয়ার হোসেন সোহেল জানান, শনিবার (২৮ নভেম্বর) দুপুরে জোহরের নামাজের পর নবীনগর পৌর এলাকার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর প্রথম জানাজা হবে। জানাজায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্বজন ও মুসল্লিদের অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রথম জানাজা শেষে মরদেহ তাঁর নিজ গ্রাম শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামের খেলার মাঠে নেওয়া হবে; সেখানে আছরের নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
এদিকে আশরাফ হোসেন রাজুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। এ ছাড়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা শোক জানিয়েছেন।
তাঁর মৃত্যুতে নবীনগরের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের সহযোদ্ধা ও পরিচিত নেতাকে হারিয়ে শোকাহত নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
স্বদেশ প্রতিদিন/এস পি