প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:১১ পিএম

শিক্ষিত বেকারত্ব কমাতে উচ্চশিক্ষাকে প্রযুক্তিনির্ভর, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীরা খাপ খাইয়ে নিতে না পারলে প্রতিবছর সনদধারী শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না। শনিবার (২৮ নভেম্বর) মিরপুর জাতীয় স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি জ্ঞান অর্জন করতে না পারা শিক্ষিতদের মধ্যে বেকারত্বের অন্যতম কারণ। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে এসে প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা চালু করতে হবে। এ জন্য শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণাভিত্তিক পাঠদান, শিক্ষক প্রশিক্ষণ, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা এবং বাস্তব কর্মক্ষেত্রে ইন্টার্নশিপ ও হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি।
তারেক রহমান আরও বলেন, শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে হবে। ইংরেজির পাশাপাশি আন্তর্জাতিক চাহিদাসম্পন্ন অন্যান্য ভাষা শেখার সুযোগ তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ক্যারিয়ার কাউন্সেলিং, দক্ষতা উন্নয়ন, ভাষা ক্লাব ও উদ্যোক্তা তৈরির কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে কলেজে শিক্ষক সংকট নিরূপণ, শূন্যপদ পূরণ এবং শিক্ষক প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেন তিনি।
স্বদেশ প্রতিদিন/এস পি