প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:১৫ পিএম

শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়াই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল জানান, মামলায় প্রসিকিউশনের পক্ষে ১৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের জবানবন্দি, মামলার নথিপত্র ও অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবে। এ সময় দেশি-বিদেশি আদালত ও আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রতিষ্ঠিত আইনগত নজির তুলে ধরা হবে। তাঁর ভাষ্য, গুম ও পদ্ধতিগতভাবে সংঘটিত অপরাধের বিচার বাংলাদেশের বিচারিক ইতিহাসে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।
জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগের ভয়াবহতা তুলে ধরে রুহুল কুদ্দুস কাজল বলেন, রাষ্ট্রের দেওয়া ক্ষমতা, অস্ত্র ও বাহিনীর সদস্যদের নিজ দেশের মানুষকে হত্যার কাজে ব্যবহার করেছেন তিনি। এ মামলার বিচার শুধু বাংলাদেশের নয়, সমগ্র মানবতার পক্ষে জবাবদিহিতার দাবি। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, অপরাধ প্রমাণিত হলে আইনে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান প্রয়োগ করা হবে।
স্বদেশ প্রতিদিন/এস পি