প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:৪৩ AM

ছয় মাস বয়সী মেয়েকে কোলে নিয়ে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে বক্তব্য দিয়েছেন স্বতন্ত্র সিনেটর ফাতিমা পেম্যান। মঙ্গলবার (২৪ নভেম্বর) একটি বিল নিয়ে আলোচনার সময় মেয়েকে সঙ্গে নিয়েই বক্তব্য দেন তিনি। এ সময় সিনেট কক্ষে শিশুটিকে ঘিরে সংসদ সদস্যদের মধ্যে আনন্দঘন পরিবেশ তৈরি হয়।
পশ্চিম অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্বকারী ফাতিমা দেশটির প্রথম হিজাব পরিহিত ফেডারেল সংসদ সদস্য। সিনেটের অধিবেশনের ভিডিওতে দেখা যায়, তিনি বক্তব্য দেওয়ার সময় পেছনে বসা স্বতন্ত্র সিনেটর লিডিয়া থর্প শিশুটির সঙ্গে লুকোচুরি খেলছেন। অন্য সিনেটরদেরও শিশুটির দিকে তাকিয়ে হাসতে দেখা যায়। এর আগে গত ৮ সেপ্টেম্বরও মেয়েকে নিয়ে সিনেট অধিবেশনে যোগ দিয়েছিলেন ফাতিমা।
অস্ট্রেলিয়ার ইতিহাসে দায়িত্ব পালনরত অবস্থায় সন্তান জন্ম দেওয়া পশ্চিম অস্ট্রেলিয়ার প্রথম সিনেটর ফাতিমা। মাতৃত্ব, সন্তান জন্মের পর শারীরিক ও মানসিক পুনরুদ্ধার এবং কর্মক্ষেত্রে ফেরার চ্যালেঞ্জ নিয়েও তিনি পার্লামেন্টে কথা বলেছেন। পরিবার ও পেশাগত দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখতে নারীদের নানা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় বলেও উল্লেখ করেছেন তিনি।
স্বদেশ প্রতিদিন/এস পি