প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৪৭ পিএম

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়েই ভর্তি পরীক্ষা আয়োজন করা যাবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিত রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে গত ১৮ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ ৩১ ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন। ওই আদেশের বিরুদ্ধে আপিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছেন বলে রিটকারী আইনজীবী জানিয়েছিলেন। আগামী ২৩ ডিসেম্বর এসব আবেদনের ফল প্রকাশের কথা রয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়ার কথা রয়েছে। আপিল বিভাগের আদেশের ফলে নির্ধারিত সূচিতে পরীক্ষা আয়োজনের বাধা থাকল না।
স্বদেশ প্রতিদিন/এস পি