প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:১৩ পিএম

পোল্ট্রি শিল্প দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশে বর্তমানে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোল্ট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। এ খাতে প্রায় ৬০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত, যাদের ৪০ শতাংশ নারী। বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে বর্তমানে ১৭টি রোগের টিকা উৎপাদিত হচ্ছে। তবে তা পর্যাপ্ত নয়। এ কারণে সরকার আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে। প্রাণিসম্পদ খাত দেশের পুষ্টি, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে স্থির মূল্যে জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে ১৬ দশমিক ৫৬ শতাংশ। ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে এ খাত থেকে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। প্রাণিজ পণ্যের রপ্তানি বাড়াতে আন্তর্জাতিক মানের খাদ্য নিরাপত্তা ও কোয়ারেন্টাইন ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি ও ন্যায্যমূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। হালাল মাংস, দুগ্ধজাত ও পোল্ট্রি পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।
স্বদেশ প্রতিদিন/এস পি