প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:০১ AM

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় অপর এক ব্যক্তি পালিয়ে যায়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রাজাপালং ইউনিয়নের বালুরমাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-২/ইস্টের ব্লক-এ/৮ এলাকায় জানে আলমের বসত শেডে এই অভিযান চালানো হয়।
আটক নারীর নাম মিনারা বেগম (২০)। তার স্বামীর নাম জানে আলম।
এপিবিএন সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে অভিযান শুরু করা হয়। ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করেন। এ সময় নারী পুলিশের সহায়তায় মিনারা বেগমকে আটক করা হলেও অন্যজন পালিয়ে যান।
পরে মিনারা বেগমের খাটের তোষকের নিচে কালো পলিথিনে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। সেখান থেকে নীল রঙের ৪০টি জিপার ব্যাগে ২০০টি করে মোট ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৭৪৫ গ্রাম এবংন আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা।
১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন স্বদেশ প্রতিদিনকে জানান, আটক নারী ও জব্দ করা মাদকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
স্বদেশ প্রতিদিন/এস পি