প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:৫৭ AM

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের ৩৫ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। এর মধ্য দিয়ে ৩৬ বছরে পদার্পণ করেছে বিশ্ববিদ্যালয়টি।
সকাল ১০টায় শান্তির প্রতীক পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করা হয়। পরে হাদী চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহিদ মীর মুগ্ধ তোরণ ঘুরে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেন, ৩৫ বছরের পথচলায় খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি, সমাজ ও শিল্পের সঙ্গে সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান খুলনা বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট এবং পাইকগাছা ক্যাম্পাসে কোস্টাল জোন ম্যানেজমেন্ট স্কুল অনুমোদনের ঘোষণা দেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সংগঠনের কার্যক্রম গতিশীল করতে ইউজিসির পক্ষ থেকে বিশেষ বরাদ্দ দেওয়ার কথা জানান। তিনি কৃষি, মৎস্য ও চিংড়ি খাতে সম্ভাবনা কাজে লাগাতে প্রায়োগিক গবেষণা এবং শিক্ষার্থীদের দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম সভাপতিত্ব করেন। এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এস পি