প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:০৫ AM

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তিনটি স্থানে অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গাজীপুর চৌরাস্তা, সাইনবোর্ড ও মালেকের বাড়ি এলাকায় শ্রমিকদের সড়কে অবস্থান নেওয়ার চেষ্টায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের সরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ জানায়, সকালে বিক্ষুব্ধ শ্রমিকেরা ওই তিন এলাকায় মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এতে যান চলাচলে বিঘ্ন ও জনদুর্ভোগের আশঙ্কা দেখা দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের নর্থ জোনের সহকারী কমিশনার মোহাম্মদ শহিদুল আলম শহীদ বলেন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি