প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:২৫ পিএম

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতায় অর্থায়ন ও সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা সংস্থা। তালিকায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সাবেক জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা রয়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়কর নথি ও আর্থিক লেনদেন খতিয়ে দেখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এনবিআরের তথ্য অনুযায়ী, গোপালগঞ্জের পাঁচ উপজেলায় এসব হিসাব জব্দ করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ সদরে ১৭ জন, টুঙ্গিপাড়ায় ১৫, কোটালীপাড়ায় ৩২, মুকসুদপুরে ১৪ এবং কাশিয়ানীতে ১৯ জন রয়েছেন। সংস্থাটির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গত কয়েক দিনে এসব হিসাব জব্দ করা হয়েছে। ব্যাংক হিসাবের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের মোবাইল ব্যাংকিং লেনদেনও পর্যালোচনা করা হবে।
হিসাব জব্দ হওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন সাবেক স্বাস্থ্যসচিব মো. সেরাজুল হক খান ও তাঁর স্ত্রী আশরাফুন নাহার। এ ছাড়া গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খসরুল আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রাবিউল আলম সিকদার, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ এবং টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ রয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি