রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের      ● ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স      ● ইলিয়াস কাঞ্চন এখন কেমন আছেন, জানালেন রোজিনা      ● ২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল আয়োজন করতে চায় বাংলাদেশ      ● আজ শুভ দাম্পত্য দিবস      ● পরীক্ষায় এআই দিয়ে নকল, দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ      ● কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেত্রী পাপিয়া গ্রেপ্তার      ● ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৫      ● প্রাথমিক ও মাধ্যমিকের ভর্তি নির্দেশিকা প্রকাশ      ● যে ৭ দেশ থেকে সস্তায় কিনতে পারবেন সোনা      ● চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!      ● ভালুকায় চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিনের উঠান বৈঠক      
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

১৬ বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া (সামাজিক যোগাযোগমাধ্যম) ব্যবহারের বিষয়ে নীতিমালা প্রণয়নে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রোববার বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর।

আদালতের নির্দেশনা অনুযায়ী, টেলিযোগাযোগ সচিব, নারী ও শিশুবিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর এ রিট আবেদন করেন। আদালত এ বিষয়ে একটি রুলও জারি করেছেন।

১৬ বছর বা তার কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং নীতিমালা তৈরি ও শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর বলেন, দেশে এ বিষয়ে কোনো নীতিমালা না থাকায় শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এর ফলে তারা বিভিন্নভাবে প্রভাবিত হচ্ছে। অনেক শিশুর মধ্যে একাকিত্ব ও হতাশার মতো সমস্যা দেখা দিচ্ছে। এতে তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।

রিট আবেদনে আইসিডিডিআরবির একটি গবেষণা প্রতিবেদনের তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকার প্রতি পাঁচ শিশুর মধ্যে চারজনেরও বেশি (৮৩ শতাংশ) প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় পর্দার সামনে কাটায়। শিশুদের বিনোদনমূলক কাজে পর্দা ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে সুপারিশ করা সময়সীমাও ছাড়িয়ে যাচ্ছে। গবেষণায় অংশ নেওয়া শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহারে প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা ব্যয় করে।

গবেষণায় আরও বলা হয়েছে, অংশগ্রহণকারী শিশুদের এক-তৃতীয়াংশের বেশি চোখের সমস্যায় ভুগছে। প্রায় ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হয়। প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় পর্দা ব্যবহার করা শিশুদের ঘুমের সময়ও উল্লেখযোগ্যভাবে কম। তারা রাতে গড়ে মাত্র ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়। অথচ এই বয়সী শিশুদের সুস্থ শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের জন্য প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন।

এ ছাড়া গবেষণায় অংশ নেওয়া শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে। দীর্ঘ সময় পর্দার সামনে কাটানো শিশুদের মধ্যে এ হার তুলনামূলক বেশি।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা তুলে ধরে রিটে বলা হয়েছে, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণে নেতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে শিশুদের সামগ্রিক মানসিক সুস্থতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close