প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:১২ পিএম

রাজধানীর নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন হত্যা মামলায় শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই মো. ইরফান খান তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে এবং আসামিপক্ষ জামিন ও রিমান্ড বাতিলের আবেদন জানায়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় দুর্বৃত্তদের গুলিতে টিটন নিহত হন। এ ঘটনায় তাঁর বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। এজাহারে গরুর হাটের ইজারা নিয়ে বিরোধকে হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল, শাজাহান ও রনিসহ কয়েকজনের সঙ্গে টিটনের বিরোধের কথা বলা হয়েছে।
তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, ইন্ধনদাতাদের শনাক্ত, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং মামলার অন্য আসামিদের অবস্থান নির্ণয়ের জন্য সুইডেন আসলামকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। গোয়েন্দা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি জামিনে মুক্তি পান।
স্বদেশ প্রতিদিন/এস পি