প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:১৪ AM

উপাচার্যকে ঘিরে চলমান সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে এ কর্মসূচি কার্যকর হবে। শাটডাউন চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব ব্যাচের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন তারা।
বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত আলোচনা সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থীদের ভাষ্য, দুই মাসের বেশি সময় ধরে আন্দোলন চললেও সংকট নিরসনে কার্যকর ও টেকসই সমাধান আসেনি। এতে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ডেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত শাটডাউন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। একই দিন চুয়েটের উপাচার্য ইস্যুতে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে আইইবির। এর আগে আলোচনা সভা শেষে রাত ২টায় শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি