প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৪:২৪ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে রাষ্ট্রপক্ষের যুক্তি শুনে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৭ নভেম্বর একই মামলায় সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই দিন সকালে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে থাকা আবদুল মোতালিব গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। সাঈদ খোকন এ মামলার এজাহারভুক্ত ২৯ নম্বর আসামি।
স্বদেশ প্রতিদিন/এস পি