প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১০:৪৬ AM

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০৯ জন। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ হতাহতদের এ তথ্য জানিয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিক সূত্রের দাবি, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষের বিবৃতিতে সরাসরি হুতিদের দায়ী করা হয়নি।
নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন।
হামলার পর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় রেকর্ডসংখ্যক চিকিৎসককে তলব করা হয়েছে। বিভিন্ন দেশের দূতাবাসও নাগরিকদের বিমানবন্দর এলাকা এড়িয়ে চলার সতর্কতা দিয়েছে।
এক প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, বিমানবন্দরের ৪০৩ নম্বর গেটে অবস্থানকালে তিনি পাশের ৪০১ নম্বর গেটে হামলা হতে দেখেন। তাঁর ভাষ্য, চোখের সামনেই অনেককে আহত হতে দেখেছেন। এ সময় আতঙ্কিত যাত্রীরা ছোটাছুটি শুরু করেন।
রিয়াদে হামলার কয়েক ঘণ্টা পর সৌদি নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট জানায়, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও একটি ক্ষেপণাস্ত্রের মতো বস্তু আঘাত হেনেছে। পরে রোববার ভোরে রিয়াদের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার দাবি করে জোটটি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র অংশ নিতে পারে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা যোগ দিতে পারি।’ তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলবেন বলেও জানান। সৌদি আরবে হামলার ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন তিনি।
স্বদেশ প্রতিদিন/এস পি