প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:৫৩ পিএম

সাতক্ষীরার কালিগঞ্জের সীমান্তবর্তী এলাকাগুলোতে নেতাকর্মীদের সতর্ক থেকে পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
কাজী আলাউদ্দীন বলেন, গত ১৬ বছরে ফ্যাসিস্টরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশ ছেড়ে পালিয়েছে। গুম-খুনের রাজনীতির মাধ্যমে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। এ সময়ে দেশের মানুষ হয়রানি ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। অনেকে বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সদিচ্ছায় দেশ পরিচালিত হচ্ছে। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করা হচ্ছে। কিন্তু গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তাঁর দোসররা দেশে আবারও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
সীমান্ত পরিস্থিতি নিয়ে কাজী আলাউদ্দীন বলেন, প্রশাসনে দীর্ঘদিন ধরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টদের দোসররা এখনো সক্রিয় রয়েছে। তাদের ওপর ভরসা না করে কালিগঞ্জের উকশা, গোবিন্দপুরসহ সীমান্তবর্তী এলাকাগুলোতে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে ফ্যাসিস্টরা দেশে অনুপ্রবেশ করতে না পারে। প্রয়োজনে সীমান্ত পাহারার ব্যবস্থা করতে হবে। তবে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, সে বিষয়েও তিনি সতর্ক করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান। এ ছাড়া বক্তব্য দেন মৌতলা বিএনপির সাবেক আহ্বায়ক মোবাচ্ছের হোসেন পলাশ, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইলুজ্জামান খান ও কালিগঞ্জ উপজেলা তাঁতিদলের সদস্যসচিব মো. ফারুক হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল আল মামুন ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার থানা সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
স্বদেশ প্রতিদিন/এস পি