প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:৪০ পিএম

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী ও মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্ত আইনি বিয়ে সেরেছেন। আগামী ৫ ডিসেম্বর সামাজিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা রয়েছে তাঁদের। বৃহস্পতিবার রাতে বাগদান ও আইনি বিয়ের কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন মিমি। এর মধ্যেই জানা গেছে, এটি মিমির প্রথম বিয়ে হলেও সিদ্ধার্থর দ্বিতীয় বিয়ে।
প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি আঁখি নাথকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ। পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর তাঁদের বিয়ে হলেও পরে সেই সম্পর্ক ভেঙে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে সিদ্ধার্থ ও আঁখির বিয়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে বাঙালি রীতিতে বিয়ের বিভিন্ন মুহূর্তের পাশাপাশি সমুদ্রতীরে তাঁদের প্রেমের স্মৃতিও উঠে এসেছে। আঁখি একটি বুটিক পরিচালনা করেন এবং ব্রাইডাল কালেকশন নিয়ে কাজ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, সিদ্ধার্থর বোনের বান্ধবী হওয়ার সূত্রে মিমির সঙ্গে তাঁর পরিচয়। কালিম্পংয়ে ৩ ডিসেম্বর থেকে শুরু হবে তাঁদের প্রাক্-বিয়ের অনুষ্ঠান। ৫ ডিসেম্বর সামাজিক বিয়ের পর ১১ ডিসেম্বর কলকাতায় সহকর্মী ও বন্ধুদের জন্য রিসেপশনের আয়োজন করা হয়েছে। সিদ্ধার্থ অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্যর দেবর বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি