প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১০:৫৩ AM

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ধারাবাহিক হামলার ঘটনায় বাংলাদেশ থেকে দেশটিতে চলাচলকারী পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে ছেড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝপথ থেকে ওমানের মাস্কাটে অবতরণের পর ঢাকায় ফিরে এসেছে।
রোববার (১১ অক্টোবর) সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বরাতে ঢাকা পোস্ট এ তথ্য জানিয়েছে।
বেবিচক জানায়, শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, সৌদিয়া ও রিয়াদ এয়ারের মোট পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। রিয়াদ বিমানবন্দরের পরিস্থিতির কারণে এসব ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে ছেড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিমানবন্দরের পরিস্থিতি বিবেচনায় মাঝপথে ওমানের মাস্কাট বিমানবন্দরে অবতরণ করে। পরে ফ্লাইটটি ঢাকায় ফিরে আসে।
এর আগে শনিবার রাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হওয়ার খবর আসে। নিহতদের মধ্যে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। হামলার পর বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত চারবার হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে গত বৃহস্পতিবারের হামলায় এক পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হন। ওই দিন সৌদিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজও হামলার লক্ষ্যবস্তু হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রায় দুই মাস ধরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী ও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে রিয়াদ বিমানবন্দরকে কেন্দ্র করে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। এর আগে সৌদি আকাশসীমা ব্যবহার করে বিমান চলাচলের বিষয়ে সতর্কবার্তা দিয়েছিল হুথিরা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি