প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৮:২৪ পিএম

ঝালকাঠির রাজাপুর উপজেলায় মা-ইলিশ রক্ষা অভিযানে জব্দ করা প্রায় ৫ হাজার মিটার অবৈধ জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত বিশেষ অভিযান শেষে এসব কারেন্ট ও অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয়।
অভিযান চলাকালে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল উপস্থিত থেকে কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি ইলিশ রক্ষা কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।
পরিদর্শনকালে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, “জাতীয় সম্পদ ইলিশ রক্ষা ও প্রজনন সুরক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।” তিনি উপস্থিত দলীয় নেতাকর্মীদের ইলিশ রক্ষায় প্রশাসনকে সার্বিক সহায়তা দেওয়ার নির্দেশ দেন এবং স্থানীয়দের অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।
সভায় মৎস্য কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের সহায়তায় প্রজনন মৌসুমে ইলিশের সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ জালের ব্যবহার পুরোপুরি বন্ধ করা এবং এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিত অব্যাহত রাখার বিষয়ে আলোকপাত করা হয়।
অভিযানে সরেজমিনে উপস্থিত হয়ে দিকনির্দেশনা ও উৎসাহ প্রদান করায় ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্যকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ