প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:০৫ পিএম

সূর্যের মতো তারারও একদিন মৃত্যু হয়। তবে বড় তারার মতো সুপারনোভা বিস্ফোরণে নয়, তুলনামূলক শান্তভাবেই শেষ হয় তাদের জীবন। সেই মৃত্যুর আগে তারার ভেতরে ঘটে তীব্র পারমাণবিক সক্রিয়তা। এবার প্রথমবারের মতো এমন এক মৃতপ্রায় তারার শেষ পারমাণবিক স্পন্দনের সরাসরি প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। উত্তর চিলিতে অবস্থিত অ্যালমা রেডিও টেলিস্কোপের পর্যবেক্ষণে এ চিত্র ধরা পড়েছে। বিজ্ঞানবিষয়ক সংবাদমাধ্যম স্পেস ডটকমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির গবেষক রাঘবেন্দ্র সাহাই। গবেষকেরা পৃথিবী থেকে প্রায় ১২ হাজার আলোকবর্ষ দূরে মনোসেরস নক্ষত্রমণ্ডলে অবস্থিত ‘আইআরএএস ০৬৫৩০-০২১৩’ নামের তারাটি পর্যবেক্ষণ করেন। এতে তারাটিকে ঘিরে গ্যাসের একটি বিশাল বলয় দেখা যায়। গবেষকদের ধারণা, প্রায় ৬ হাজার ৫০০ বছর আগে তারাটির সর্বশেষ তাপীয় স্পন্দনের সময় এই গ্যাস মহাকাশে ছড়িয়ে পড়েছিল। বলয়টি বালিঘড়ির মতো আকৃতির একটি গঠনরত প্ল্যানেটারি নেবুলাকে ঘিরে রয়েছে। সূর্যের মতো তারার কেন্দ্রের হাইড্রোজেন জ্বালানি ফুরিয়ে গেলে সেটি লোহিত দানব দশায় প্রবেশ করে। এ সময় মাঝেমধ্যে তীব্র পারমাণবিক সক্রিয়তা বা ‘থার্মাল পালস’ ঘটে এবং তারার বাইরের স্তর মহাকাশে ছড়িয়ে পড়ে।
পর্যবেক্ষণে তারাটির চারপাশে কার্বন, অক্সিজেন ও নাইট্রোজেনের বিভিন্ন ভারী আইসোটোপের উপস্থিতিও পাওয়া গেছে, যা প্রচলিত তাত্ত্বিক মডেলের সঙ্গে পুরোপুরি মেলে না। এ ছাড়া প্রত্যাশিত ধূলিকণার ঘন চাকতির অস্তিত্বও খুঁজে পাননি গবেষকেরা। তবে গ্যাসের সর্পিল আকৃতি দেখে তারাটির কোনো সঙ্গী তারা থাকতে পারে বলে ধারণা করছেন তাঁরা। গবেষকদের মতে, সঙ্গী তারার প্রভাবে গ্যাসের প্রবাহ ও উচ্চগতির পদার্থের জেট তৈরি হয়ে বালিঘড়ির মতো নেবুলার আকৃতি গড়ে উঠতে পারে। এই পর্যবেক্ষণ সূর্যের মতো তারার জীবনের শেষ পর্যায় এবং মহাকাশে বিভিন্ন মৌল ছড়িয়ে পড়ার প্রক্রিয়া বুঝতে নতুন তথ্য দেবে।
স্বদেশ প্রতিদিন/এস পি