প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:৪৭ পিএম

একসময় বলিউডে পারিশ্রমিকের আলোচনায় মূলত নায়কদেরই প্রাধান্য ছিল। তবে সময়ের সঙ্গে বদলেছে সেই চিত্র। বড় বাজেটের সিনেমা ও আন্তর্জাতিক প্রকল্পে নায়িকারাও এখন গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন। জনপ্রিয় চলচ্চিত্রবিষয়ক ওয়েবসাইট আইএমডিবির প্রকাশিত তালিকা অনুযায়ী, সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতীয় অভিনেত্রীদের মধ্যে শীর্ষ পাঁচে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, কঙ্গনা রানাওয়াত, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট।
তালিকার প্রথম স্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সিনেমাপ্রতি তার পারিশ্রমিক ১৮ থেকে ৩০ কোটি টাকা। দ্বিতীয় স্থানে থাকা দীপিকা পাড়ুকোন নেন ১৫ থেকে ৩০ কোটি টাকা। তৃতীয় স্থানে থাকা কঙ্গনা রানাওয়াতের পারিশ্রমিক ১৫ থেকে ২৭ কোটি টাকা। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনাতেও সক্রিয় এই অভিনেত্রী ‘কুইন’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
চতুর্থ স্থানে থাকা ক্যাটরিনা কাইফের সিনেমাপ্রতি পারিশ্রমিক ১৫ থেকে ২৫ কোটি টাকা। আর পঞ্চম স্থানে রয়েছেন আলিয়া ভাট। তার পারিশ্রমিক ১০ থেকে ২০ কোটি টাকা। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া আলিয়া ২০২৩ সালে নেটফ্লিক্সের ‘হার্ট অব স্টোন’ দিয়ে হলিউডেও অভিষেক করেন।
স্বদেশ প্রতিদিন/এস পি