প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:২৫ পিএম

রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত উপকেন্দ্রে ঢুকে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ ও তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, হামলার সময় তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয় এবং চারটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে মতিহার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করে। রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল জানান, আগের দিনের হামলার পর নিরাপত্তা জোরদার করা হয়েছিল। পাহারায় লোকবল বাড়ানোর পাশাপাশি পুলিশকেও টহল বাড়ানোর অনুরোধ জানানো হয়। তবু দুর্বৃত্তরা অল্প সময়ের মধ্যে হামলা চালিয়ে পালিয়ে যায়। লাইনম্যান মনির জানান, পরপর দুই দিনের হামলায় কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, প্রথম দিনও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল, তবে তখন আগুন লাগেনি। দ্বিতীয় দিনের ঘটনায় একটি পেট্রোল বোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। বিস্ফোরণের কারণে কিছু সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলে জানান তিনি।
স্বদেশ প্রতিদিন/এস পি