
পুঁজিবাজারের চলমান মন্দা কাটিয়ে লেনদেনে গতি ও স্থিতিশীলতা ফেরাতে নতুন ট্রেডিং কৌশল ও আর্থিক পণ্য চালুর প্রস্তাব দিয়েছেন দেশের শীর্ষ ব্রোকারেজ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা প্রি-ওপেনিং সেশন পুনরায় চালু এবং দীর্ঘমেয়াদে শেয়ার বাইব্যাকের সুযোগ দেওয়ার বিষয়েও গুরুত্ব দিয়েছেন তারা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বোর্ডরুমে শীর্ষ ব্রোকারেজ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রস্তাব উঠে আসে। পুঁজিবাজারে স্বাভাবিক ও স্থিতিশীল লেনদেন নিশ্চিত করার লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শীর্ষ ব্রোকারেজ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকের শুরুতে নুজহাত আনোয়ার বলেন, পুঁজিবাজারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি উন্নয়ন নিয়ে অংশীজনদের মতামত ও বাস্তব অভিজ্ঞতা জানাই বৈঠকের মূল উদ্দেশ্য। যৌক্তিক ও গঠনমূলক পরামর্শগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী ডিএসইর বোর্ড ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) অবহিত করা হবে।
তিনি জানান, ডেরিভেটিভস মার্কেট চালুর প্রস্তুতি এগিয়ে চলছে। প্রয়োজনীয় সফটওয়্যার ও প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া সাম্প্রতিক পাঁচটি ব্রোকারেজ-সংক্রান্ত ঘটনায় ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বিষয়েও ডিএসই কাজ করছে।
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, বৈঠকে পুঁজিবাজারের দীর্ঘদিনের অমীমাংসিত বিষয় এবং বর্তমানের কঠিন বাজার পরিস্থিতি—দুটি দিক নিয়েই আলোচনা হয়েছে। বাজারের বর্তমান সমস্যার কারণ চিহ্নিত করার পাশাপাশি তা থেকে উত্তরণের বাস্তবসম্মত পথ খোঁজা জরুরি।
ব্রোকারেজ প্রতিনিধিরা বাজারে তারল্য বাড়ানো, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং দীর্ঘদিনের অনিষ্পন্ন বিষয় দ্রুত সমাধানের ওপর জোর দেন। নতুন ট্রেডিং কৌশল ও পণ্য চালুর পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা প্রি-ওপেনিং সেশন পুনরায় চালুর কারিগরি ও বাস্তব সম্ভাবনা যাচাইয়ের প্রস্তাবও দেওয়া হয়।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্কিমের মেয়াদ ও ঋণ পরিশোধের সময়সীমা বিবেচনা করে প্রয়োজনীয় সহায়তা এবং সময় বাড়ানোর বিষয়টি পর্যালোচনার প্রস্তাব দেন প্রতিনিধিরা। মেম্বারস মার্জিন নেট-অফের সুযোগ চালু করে ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর আর্থিক ব্যয় ও তারল্য ব্যবস্থাপনার চাপ কমানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে বাজার তদারকি ও নজরদারি ব্যবস্থা আরও নিয়মিত, তথ্যনির্ভর, ঝুঁকিভিত্তিক এবং স্বচ্ছ করার প্রস্তাব আসে। বক্তারা সিস্টেমভিত্তিক তথ্য যাচাইয়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি স্বাভাবিক লেনদেনের পরিমাণের পরিবর্তে অস্বাভাবিক মূল্য ওঠানামা এবং প্রকৃত অনিয়মের লক্ষণকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেন তারা।
পুঁজিবাজারকে শুধু ইকুইটিনির্ভর না রেখে বন্ডসহ অন্যান্য আর্থিক উপকরণের পরিধি বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়। একই সঙ্গে ডিলারদের ভূমিকা ও দায়িত্ব নির্ধারণে আরও স্পষ্ট নিয়ন্ত্রক কাঠামো তৈরির প্রস্তাব দেওয়া হয়।
বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত ও প্রক্রিয়াগত বাধাগুলো চিহ্নিত করে তা দূর করার প্রস্তাবও এসেছে। বিনিয়োগকারীকেন্দ্রিক সেমিনার ও সংলাপ আয়োজন এবং উচ্চ সম্পদসম্পন্ন বিনিয়োগকারী ও প্রকৃত মার্কেট প্লেয়ারদের সঙ্গে ডিএসইর সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রতিনিধিরা।
এ ছাড়া দেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত করা এবং দীর্ঘমেয়াদে শেয়ার বাইব্যাকের সুযোগ চালুর সম্ভাবনা পর্যালোচনার আহ্বান জানানো হয়।
বৈঠকের শেষ পর্যায়ে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার জানান, ডিএসইর তথ্যপ্রযুক্তি ও সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা বোর্ড অনুমোদন করেছে এবং এর বাস্তবায়ন চলছে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
বিনিয়োগকারী সুরক্ষায় পরিদর্শন ও নজরদারি কার্যক্রম আরও কার্যকর করতে কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং তথ্যভিত্তিক সফটওয়্যার উন্নয়নের কাজ চলছে বলেও জানান তিনি। এর ফলে পরিদর্শন প্রক্রিয়া আরও কাঠামোবদ্ধ হবে এবং তথ্য সমন্বয় ও যাচাই সহজ হবে।
নুজহাত আনোয়ার বলেন, বিএসইসির উদ্যোগে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) ও তথ্যপ্রযুক্তি দলের সমন্বয়ে নিয়মিত সভার সিদ্ধান্ত হয়েছে। অনলাইনে হিসাব খোলা, খুচরা বিনিয়োগকারীদের সেবা সহজ করা এবং টি+১ সেটেলমেন্টসহ বিভিন্ন বিষয়েও সমন্বিতভাবে কাজ চলছে।
ডিএসইর নতুন ওয়েবসাইটের কাজও প্রায় শেষ পর্যায়ে বলে জানান তিনি। আগামী ২২ সেপ্টেম্বরের সংবাদ সম্মেলনে এটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। বিনিয়োগকারীদের সুবিধার্থে পুরোনো ওয়েবসাইট আরও দুই থেকে তিন মাস চালু রাখা হবে। এ সময়ে ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে নতুন ওয়েবসাইটে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।
ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক বলেন, পুঁজিবাজারের কার্যক্রম আরও স্বচ্ছ, কার্যকর ও জবাবদিহিমূলক করার পাশাপাশি পুরো বাজার ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ