প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১:৪২ পিএম

শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে কর্মসূচি পালন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (৯ নভেম্বর) রাতের এ কর্মসূচিতে ককটেল বিস্ফোরণ ও কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকায় সেতুর দুই পাশে যানবাহন আটকা পড়ে।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসীন মাতবর, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ও সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারের নেতৃত্বে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি আবদুস সালাম। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শতাধিক নেতাকর্মীকে বৈঠা হাতে টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ ও স্লোগান দিতে দেখা যায়।
ওসি আবদুস সালাম বলেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। ধারণা করা হচ্ছে, প্রায় শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে কতটি গাড়ি ভাঙচুর করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্বদেশ প্রতিদিন/এস পি