প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১:৩২ পিএম

আজ ১০ নভেম্বর, বিশ্ব বিজ্ঞান দিবস। সমাজ ও মানুষের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের গুরুত্ব তুলে ধরা, গবেষণায় তরুণদের উৎসাহিত করা এবং বিজ্ঞানমনস্ক সমাজ গড়ে তোলার লক্ষ্যে বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে।
চিকিৎসা, শিক্ষা, কৃষি, যোগাযোগ, প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ মানবজীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানের অবদান রয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘কমন গ্রাউন্ড থ্রু সায়েন্স ডিপ্লোম্যাসি’ বা ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি তৈরি’। জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের অবক্ষয়, সংক্রামক রোগ, খাদ্যনিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়েছে এতে।
বিজ্ঞান ও সমাজের সম্পর্ক জোরদার এবং মানুষের জীবনে বিজ্ঞানের ভূমিকা তুলে ধরতে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো ২০০১ সালে দিবসটি ঘোষণা করে। ২০০২ সালের ১০ নভেম্বর প্রথমবারের মতো বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। এরপর থেকে প্রতিবছর ১০ নভেম্বর ‘শান্তি ও উন্নয়নের জন্য বিশ্ব বিজ্ঞান দিবস’ উদ্যাপন করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এস পি