সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন
বিশেষ প্রতিনিধি, আনতালিয়া, তুরস্ক থেকে
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জলবায়ু অর্থায়ন নিয়ে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর বিরোধের মধ্য দিয়ে গতকাল সোমবার তুরস্কের আনতালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই অর্থায়নের বিষয়টি আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা নিয়ে দুই পক্ষের মধ্যে টানাপোড়েন হয়। উন্নয়নশীল দেশগুলোর দাবির মুখে শেষ পর্যন্ত জলবায়ু অর্থায়ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনার বিষয়টি আনুষ্ঠানিক এজেন্ডায় অন্তর্ভুক্ত হচ্ছে। তবে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার দাবিতে পৃথক কোনো আলোচ্যসূচি রাখা হয়নি। ফলে প্রথম দিন থেকেই অর্থায়ন নিয়ে অনিশ্চয়তা ও মতবিরোধের মধ্য দিয়ে শুরু হলো এবারের সম্মেলন।

বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, দাবদাহ, বন্যা, খরা ও ঘূর্ণিঝড়ের মতো চরম আবহাওয়ার ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে দুই সপ্তাহব্যাপী এ সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, বিজ্ঞানী, পরিবেশকর্মী ও নীতিনির্ধারকরা। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বনেতাদের প্রতি জলবায়ু সংকট মোকাবিলায় আরও দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা চরম আবহাওয়ার এক নতুন যুগে প্রবেশ করেছি।’ তাঁর আহ্বান, কার্বন নিঃসরণ দ্রুত কমাতে হবে, জীবাশ্ম জ্বালানি থেকে ন্যায়সংগত রূপান্তর নিশ্চিত করতে হবে এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য প্রয়োজনীয় অর্থায়ন ও সুরক্ষা দিতে হবে।

আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান নির্ধারিত সময়ের পরে শুরু হয়। এর আগে গত রবিবার গভীর রাত পর্যন্ত উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিরা জলবায়ু অর্থায়নের বিষয়টি সম্মেলনের আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা নিয়ে দর-কষাকষি করেন। গ্রিনপিসের কপ-৩১ প্রতিনিধি দলের প্রধান জ্যাসপার ইনভেন্টর বলেন, ‘কপ-৩১-এর জন্য এটি ইতোমধ্যেই একটি কঠিন সূচনা হিসেবে প্রমাণিত হয়েছে।’ আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শেষ পর্যন্ত জলবায়ু অর্থায়ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা এজেন্ডায় অন্তর্ভুক্ত করার বিষয়ে সমঝোতা হয়েছে।

অর্থায়ন নিয়ে কেন এত বিরোধ
জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে উন্নত শিল্পোন্নত দেশগুলো বেশি দায়ী। শিল্পবিপ্লবের পর থেকে তাদের বিপুল গ্রিনহাউস গ্যাস নিঃসরণের কারণে বৈশ্বিক উষ্ণতা বেড়েছে। অথচ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব মোকাবিলা করতে হচ্ছে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোকে। এসব দেশের পক্ষে বন্যা, ঘূর্ণিঝড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, খরা ও লবণাক্ততার ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় অর্থ জোগাড় করা কঠিন। এ কারণে জলবায়ু অর্থায়ন দীর্ঘদিন ধরেই জাতিসংঘের জলবায়ু আলোচনার অন্যতম প্রধান বিরোধের বিষয়।
উন্নত দেশগুলো ২০০৯ সালে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে ১০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করেছিল। তবে এ লক্ষ্য পূরণে দীর্ঘ সময় লেগেছে। ২০২২ সালে প্রথমবারের মতো অর্থায়নের পরিমাণ ১১৫ দশমিক ৯ বিলিয়ন ডলারে পৌঁছায় বলে জাতিসংঘের তথ্য বলছে। উন্নয়নশীল দেশগুলোর অভিযোগ, এ অর্থের বড় অংশ ঋণ হিসেবে দেওয়া হয়; অনুদানের পরিমাণ তুলনামূলক কম। ফলে ঋণগ্রস্ত দেশগুলোর ওপর নতুন আর্থিক চাপ তৈরি হয়।

২০২৪ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ সম্মেলনে ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়। একই সঙ্গে সরকারি ও বেসরকারি সব উৎস মিলিয়ে বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার অর্থায়ন জোগাড়ের প্রচেষ্টার কথা বলা হয়। কিন্তু উন্নয়নশীল দেশগুলোর মতে, প্রয়োজনের তুলনায় এ অর্থ এখনো অপর্যাপ্ত। অর্থ কোথা থেকে আসবে, কারা কত দেবে, ঋণ না অনুদান হিসেবে দেওয়া হবে এবং অর্থপ্রাপ্তির শর্ত কী হবে—এসব প্রশ্নে এখনো মতভেদ রয়েছে।

অভিযোজন অর্থায়ন তিন গুণের দাবি
এবারের সম্মেলনে আফ্রিকার দেশগুলোসহ জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো অভিযোজন অর্থায়ন তিন গুণ করার দাবি তুলেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে সমুদ্র উপকূলে বাঁধ নির্মাণ, বন্যা নিয়ন্ত্রণ, খরা-সহনশীল ফসল উৎপাদন, পানি সংরক্ষণ, আগাম সতর্কতা এবং জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলার জন্য এ অর্থ প্রয়োজন।

জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) সাম্প্রতিক অভিযোজন ঘাটতি প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অভিযোজনের জন্য বছরে প্রায় ৩০৫ বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে। অথচ ২০২৪ সালে আন্তর্জাতিক সরকারি অভিযোজন অর্থায়ন ছিল মাত্র ২৮ দশমিক ২ থেকে ৩১ দশমিক ৭ বিলিয়ন ডলার। কপ-৩০-এ অভিযোজন অর্থায়ন ২০৩৫ সালের মধ্যে তিন গুণ করার আকাঙ্ক্ষা প্রকাশ করা হলেও তা কীভাবে বাস্তবায়িত হবে, সে বিষয়ে এখনো স্পষ্টতা নেই।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযোজন অর্থায়ন তিন গুণ করার বিষয়ে এবারের সম্মেলনের আনুষ্ঠানিক এজেন্ডায় আলাদা কোনো বিষয় রাখা হয়নি। তবে জলবায়ু অর্থায়নসহ অন্যান্য আলোচনার অধীনে বিষয়টি উত্থাপিত হবে। উন্নয়নশীল দেশগুলোর আশঙ্কা, আলাদা আলোচ্যসূচি না থাকলে বিষয়টি গুরুত্ব হারাতে পারে।

নতুন অর্থের প্রতিশ্রুতিতে অনীহা

ইউরোপীয় ইউনিয়নের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গত সপ্তাহে সতর্ক করে বলেছেন, কপ-৩১ সম্মেলনে নতুন করে অতিরিক্ত অর্থ দেওয়ার প্রতিশ্রুতির ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে। অন্যদিকে, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম নিয়ে উদ্বেগ এবং যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ও ইউক্রেনে রাশিয়ার সংঘাতের কারণে তৈরি ভূরাজনৈতিক উত্তেজনা জলবায়ু আলোচনাকে আরও জটিল করে তুলেছে।

পর্যবেক্ষকদের আশঙ্কা, এসব কারণে এবারের সম্মেলনে বড় ধরনের নতুন অর্থায়ন ঘোষণা বা ঐকমত্যে পৌঁছানো কঠিন হতে পারে। বিশেষ করে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার প্রশ্নে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর অবস্থানও এক নয়। অনেক উন্নয়নশীল দেশ বলছে, পর্যাপ্ত অর্থ ও প্রযুক্তি সহায়তা ছাড়া তাদের পক্ষে দ্রুত পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর সম্ভব নয়।

তুরস্কের সভাপতিত্ব, আলোচনায় অস্ট্রেলিয়া
এবারের সম্মেলনে তুরস্ক আয়োজক দেশ এবং কপ-৩১-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। তবে একটি ব্যতিক্রমী ব্যবস্থায় আলোচনার মধ্যস্থতা ও দর-কষাকষির মূল দায়িত্ব পালন করছে অস্ট্রেলিয়া। সম্মেলন আয়োজন নিয়ে দেশ দুটির মধ্যে আগে যে মতবিরোধ ছিল, তা মেটাতেই এ যৌথ ব্যবস্থার সিদ্ধান্ত হয়। তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম সম্মেলনের সভাপতি। আর অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন আলোচনার দায়িত্বে রয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দুই দেশের মন্ত্রী একসঙ্গে হাত উঁচিয়ে সহযোগিতার বার্তা দেন। দীর্ঘদিন ধরে জলবায়ু সম্মেলনে একের পর এক চুক্তি ও উচ্চাভিলাষী ঘোষণা হলেও বাস্তবায়নে ঘাটতি রয়ে গেছে। এ কারণে এবারের সম্মেলনকে ‘বাস্তবায়নের কপ’ হিসেবে তুলে ধরছে আয়োজকরা। তাদের লক্ষ্য, আগের সম্মেলনগুলোতে নেওয়া সিদ্ধান্ত ও প্রতিশ্রুতিকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়া।

কপ-৩১-এর আলোচনায় পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর, বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি, মিথেন নিঃসরণ কমানো, জলবায়ু সহনশীল নগর গড়ে তোলা, বর্জ্য ব্যবস্থাপনা এবং জলবায়ু অর্থায়ন গুরুত্ব পাবে। তুরস্ক ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক অর্থনীতির এক-তৃতীয়াংশের বেশি বিদ্যুতায়নের লক্ষ্যের কথাও সামনে আনছে। তবে বিদ্যুতের উৎস নবায়নযোগ্য না হলে শুধু বিদ্যুতায়ন বাড়িয়ে কার্বন নিঃসরণ কমানো যাবে কি না, সে প্রশ্নও রয়েছে।

যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিনিধিদল নেই
বিশ্ব জলবায়ু কূটনীতির অন্যতম বড় শক্তি যুক্তরাষ্ট্র এবারের সম্মেলনে সরকারি প্রতিনিধিদল পাঠাচ্ছে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে আবার প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার পর জলবায়ু আলোচনায় দেশটির সরকারি অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে। তবে যুক্তরাষ্ট্রের ১৯ সদস্যের একটি কংগ্রেস প্রতিনিধিদল আনতালিয়ায় আসছে। এ দলের সদস্যরা ডেমোক্র্যাট আইনপ্রণেতা। গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর তারা জলবায়ু আলোচনায় যুক্তরাষ্ট্রের বিকল্প রাজনৈতিক অবস্থান তুলে ধরতে চান।

জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) কপ-৩১ উপলক্ষে প্রকাশিত ২০২৬ সালের জলবায়ু প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সাল রেকর্ডের চারটি উষ্ণতম বছরের একটি হতে যাচ্ছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক-শিল্পযুগের তুলনায় প্রায় ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। গত ১২ বছরই রেকর্ডের উষ্ণতম বছরগুলোর মধ্যে রয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও সমুদ্রের তাপও রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। শক্তিশালী এল নিনো পরিস্থিতি ২০২৭ সাল পর্যন্ত তাপপ্রবাহ, খরা ও অতিবৃষ্টির ঝুঁকি বাড়াতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

ইউরোপে তীব্র দাবদাহ, খরা ও দাবানলে প্রাণহানি এবং কৃষি, জ্বালানি ও পরিবহন খাতে ক্ষয়ক্ষতির কথা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এ ছাড়া হিমালয়ে হিমবাহ ধসে সৃষ্ট আকস্মিক বন্যায় নেপালে ব্যাপক প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। এমন পরিস্থিতিতে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়ন বাড়ানো এবারের সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশ চাইবে ক্ষতিপূরণ ও সহজ অর্থায়ন
এবারের কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রধান দাবি থাকবে জলবায়ু অর্থায়নে অনুদানের পরিমাণ বাড়ানো, ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর সহায়তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক তহবিল পাওয়ার জটিল প্রক্রিয়া সহজ করা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ ঋণের বোঝা না বাড়িয়ে অনুদানভিত্তিক অর্থায়ন চাইবে। বিশেষ করে অভিযোজন কার্যক্রম এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় অনুদান বাড়ানোর দাবি জানানো হবে। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক জলবায়ু তহবিলে আবেদন ও অর্থ অনুমোদনের প্রক্রিয়া সহজ করার বিষয়টিও আলোচনায় তুলবে বাংলাদেশ।

বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি থাকবে ক্ষয়ক্ষতি তহবিলের পরিধি ও অর্থের জোগান বাড়ানো। বিশ্বব্যাংকের এক মূল্যায়নের বরাত দিয়ে পরিবেশমন্ত্রী জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে বছরে প্রায় ১৫ দশমিক ২ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। এ ক্ষতির বিষয়টি আন্তর্জাতিক আলোচনায় তুলে ধরে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় আরও বেশি অর্থায়নের দাবি জানাবে ঢাকা। তবে বাংলাদেশ নির্দিষ্ট কোনো ক্ষতিপূরণের অঙ্ক দাবি করছে না। সরকারের বক্তব্য, আলোচনার মাধ্যমে সামগ্রিক তহবিল বাড়ানো এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সেখান থেকে দ্রুত অর্থ পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করাই লক্ষ্য।

অভিযোজন খাতেও অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা চাইবে বাংলাদেশ। জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন এবং বৈশ্বিক অভিযোজন লক্ষ্যমাত্রা অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে উপকূলীয় অঞ্চল, হাওর, চর ও খরাপ্রবণ এলাকার মানুষের পানি, খাদ্য, স্বাস্থ্য ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে অর্থায়ন চাওয়া হবে। আগাম সতর্কীকরণ ব্যবস্থা, জলবায়ু সহনশীল অবকাঠামো, স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম এবং দুর্যোগের ঝুঁকি কমানোর উদ্যোগও বাংলাদেশের অগ্রাধিকারে থাকবে।

এবারের সম্মেলনে বাংলাদেশের জাতীয় জলবায়ু অঙ্গীকার বা এনডিসি ৩.০ বাস্তবায়নের বিষয়টিও গুরুত্ব পাবে। কার্বন নিঃসরণ কমানো, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, জ্বালানি দক্ষতা উন্নয়ন, পরিচ্ছন্ন শিল্প ও পরিবহনব্যবস্থা গড়ে তোলা এবং পরিবেশবান্ধব প্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহায়তা চাইবে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শুধু অর্থ নয়, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষতা বৃদ্ধির সহযোগিতাও প্রয়োজন বলে মনে করছে সরকার।

বাংলাদেশের দাবি থাকবে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠারও। বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান তুলনামূলকভাবে খুব কম হলেও জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় দেশটিকে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে। তাই ঐতিহাসিকভাবে বেশি কার্বন নিঃসরণকারী উন্নত দেশগুলোর কাছ থেকে দায়িত্ব অনুযায়ী অর্থ ও প্রযুক্তি সহায়তা পাওয়ার দাবি জানাবে ঢাকা। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষ, জীবিকা হারানো জনগোষ্ঠী এবং নারী ও তরুণদের সুরক্ষার বিষয়টিও আলোচনায় তুলে ধরা হবে।

বাংলাদেশের নাগরিক সমাজ ও পরিবেশবাদী সংগঠনগুলোর দাবির মধ্যেও রয়েছে অনুদানভিত্তিক অর্থায়ন, ক্ষয়ক্ষতি তহবিলের কার্যকর বাস্তবায়ন, জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের অংশগ্রহণ এবং অর্থ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। তাদের মতে, আন্তর্জাতিক অর্থায়নের প্রতিশ্রুতি শুধু কাগজে থাকলে চলবে না; অর্থ দ্রুত ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে হবে।

বাংলাদেশের হালনাগাদ জলবায়ু অঙ্গীকার বাস্তবায়নে ২০৩৫ সাল পর্যন্ত ১১৬ দশমিক ১৮ বিলিয়ন ডলারের প্রয়োজনের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেতে পারে। ফলে আন্তর্জাতিক অর্থায়নের প্রতিশ্রুতি এবং বাস্তবে অর্থ ছাড়ের মধ্যে যে ব্যবধান রয়েছে, তা দূর করা বাংলাদেশের অন্যতম লক্ষ্য।

সম্মেলনে বাংলাদেশের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পাটের পরিবেশবান্ধব ব্যবহার তুলে ধরা। প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের সম্ভাবনা তুলে ধরতে সম্মেলনস্থলে পাট প্যাভিলিয়ন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, অভিযোজন অভিজ্ঞতা, নবায়নযোগ্য জ্বালানি, কার্বন বাজার এবং স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগ তুলে ধরতে জাতীয় প্যাভিলিয়নও স্থাপন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ১০ নভেম্বর মঙ্গলবার তুরস্কের উদ্দেশে রওনা হবেন এবং ১১ ও ১২ নভেম্বর বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়, অর্থায়ন, অভিযোজন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি। 







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close