পরিবেশ অধিদপ্তরের মোবাইলকোর্টে পরিবেশ দূষণকারী ১০ কারখানা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৪৩ AM

ঢাকায় পরিবেশদূষণকারী কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ১০টি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে সঞ্জু ডাইং অ্যান্ড ওয়াশিং, সালমুন ওয়াশিং, সায়মা ওয়াশিং, রব ওয়াশিং, ইউনিক ওয়াশিং, নুর ডাইং-১, নুর ডাইং-২, নুর ডাইং-৩, বিসমিল্লাহ ওয়াশ এবং রীমা ওয়াশিংয়ের কার্যক্রম বন্ধ করা হয়।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে সার্বিক দিকনির্দেশনা দেন অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক মো. মাহবুব জামিল। এ সময় উপপরিচালক সৈয়দ আহম্মদ কবির ও মো. ইলিয়াস মাহমুদ উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনায় নৌবাহিনী, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও কেরানীগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে দূষণকারী শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও এনফোর্সমেন্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এস পি