
সংগৃহীত ছবি
দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাব নিয়ে বিগত সরকারের সময়ে যে গরমিল ও অসংগতির অভিযোগ উঠেছিল, তার প্রমাণ পাওয়া গেছে। এ সংক্রান্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে ফরেনসিক অডিটে বেশ কিছু অসংগতি চিহ্নিত করেছে সংশ্লিষ্ট কমিটি। বিশেষজ্ঞদের পর্যালোচনা শেষে শিগগিরই এ প্রতিবেদন প্রকাশ করা হবে।
গতকাল জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এসব তথ্য জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, তথ্য ছাড়া একটি দেশ কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় যেতে চায় কিংবা কোথায় ভুল হচ্ছে, তা বোঝা সম্ভব নয়। বিগত সরকারের সময়ের পরিসংখ্যান নিয়ে ফরেনসিক অডিট করা হয়েছে। জিডিপির হিসাব নিয়ে যে প্রশ্ন উঠেছিল, পর্যালোচনায় তাতে যথেষ্ট গরমিল পাওয়া গেছে। এসব অসংগতির প্রমাণও মিলেছে। পরিসংখ্যানের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নিয়েছে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রশ্নবিদ্ধ পরিসংখ্যান দিয়ে কোনো কাজ করা যায় না। এটি নিজের সঙ্গে প্রতারণার শামিল। সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো তথ্য। এ কারণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে। জনবলের ঘাটতির বিষয়টিও সরকার বিবেচনা করছে।
তিনি বলেন, অতীতের অনিয়মের গভীরে যাওয়ার জন্য ফরেনসিক অডিট করা হয়েছে। কাউকে ব্যক্তিগতভাবে লক্ষ্যবস্তু করা এর উদ্দেশ্য নয়। তথ্য যত বেশি উন্মুক্ত করা হবে, তত বেশি ভুল ও অসংগতি সামনে আসবে। এতে সংশোধনের সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিগত সরকারের সময়ে পরিসংখ্যান ব্যবহার করে একধরনের বয়ান তৈরির চেষ্টা হয়েছিল। জিডিপির হিসাবসহ বিভিন্ন ক্ষেত্রে অসংগতি পাওয়া গেছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির তথ্যেও ব্যাপক গরমিল ছিল। যাঁদের সহায়তা পাওয়ার কথা, তাঁদের অনেকে তা পাননি।
তিনি পরিসংখ্যানের গরমিলের একটি উদাহরণ তুলে ধরে বলেন, আগে দেশে নৌযানের সংখ্যা দেখানো হয়েছিল ১৩ হাজার। কিন্তু পর্যালোচনায় দেখা গেছে, প্রকৃত সংখ্যা ২ লাখ ৬৭ হাজার। এ ধরনের অসংগতি দূর করতে ডিজিটাল রেজিস্টার বিনিময়ের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সভায় আরও জানানো হয়, ভোক্তা মূল্যসূচকসহ (সিপিআই) গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য এখন থেকে বিবিএস নিজেই প্রকাশ করছে। এসব তথ্য প্রকাশের জন্য কোনো মন্ত্রীর আগাম স্বাক্ষরের প্রয়োজন হচ্ছে না। পরিসংখ্যান প্রকাশে প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার। স্বাগত বক্তব্য দেন বিবিএসের মহাপরিচালক মো. শামীমুল হক। এ ছাড়া বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ শাহাদৎ হোসেন এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক এ কে এনামুল হক।