প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১:৪০ পিএম

শত্রুপক্ষের রাডার থেকে নির্গত সংকেত শনাক্ত করে সেগুলোর উৎসে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরিতে অগ্রগতির দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ বাহিনীর প্রধানের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলি বালালি জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রের প্রয়োজন বিবেচনায় ইরানি বিশেষজ্ঞরা এ ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করছেন। এ ক্ষেত্রে ‘হরমুজ’ ক্ষেপণাস্ত্রের উদাহরণ দিয়েছেন তিনি।
ফার্স নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, বালালির দাবি, হরমুজ ক্ষেপণাস্ত্র রাডার থেকে নির্গত সংকেত শনাক্ত করে সেগুলোর উৎসের দিকে ধাবিত হতে এবং রাডারব্যবস্থাকে লক্ষ্যবস্তু করতে সক্ষম। তাঁর মতে, এ প্রযুক্তির উন্নয়ন ইঙ্গিত দেয়, ইরানের ক্ষেপণাস্ত্রশিল্প এখন শুধু বিদ্যমান অস্ত্রের অনুকরণ নয়, বরং যুদ্ধক্ষেত্রের চাহিদা অনুযায়ী নতুন অস্ত্রের নকশা ও উৎপাদনেও সক্ষমতা বাড়াচ্ছে।
এর আগে ৮ নভেম্বর বালালি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে জব্দ করা সামরিক সরঞ্জামের রিভার্স ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করছেন ইরানের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এসব সরঞ্জামের কার্যপ্রণালি বিশ্লেষণ করে নিজস্ব প্রযুক্তি উন্নয়নে কাজে লাগানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, জব্দ করা সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি পরীক্ষা-নিরীক্ষার এই কার্যক্রম ইরানের প্রতিরক্ষা কর্মসূচির দীর্ঘদিনের অংশ।
স্বদেশ প্রতিদিন/এস পি