প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৫ পিএম

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। সেখানে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।
নতুন সাতজনের মৃত্যু নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৫৯৩ জনকে নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ১৬৩ জনে।
দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবার ওপরও চাপ বাড়ছে। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার ঠেকাতে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ