প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৩:০২ পিএম

এআই চ্যাটবটের সঙ্গে ব্যক্তিগত ও সংবেদনশীল নানা বিষয় নিয়ে কথা বলেন অনেক ব্যবহারকারী। সম্পর্কের সমস্যা, পারিবারিক দ্বন্দ্ব কিংবা মানসিক উদ্বেগের মতো বিষয়ও অনেকে চ্যাটবটের কাছে প্রকাশ করেন। কিন্তু এসব এআই প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে গেলে বা বন্ধ হয়ে গেলে ব্যবহারকারীদের তথ্য অন্য প্রতিষ্ঠানের কাছে বিক্রি হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। এতে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এআই চ্যাটবট নির্মাতা প্রতিষ্ঠান ক্যারেক্টার ডট এআইয়ের দেউলিয়া হওয়ার ঘটনা এ ঝুঁকিকে সামনে এনেছে। প্রতিষ্ঠানটির কিছু সম্পদ ২ কোটি ডলারে কিনতে সম্মত হয়েছে ডিজনি। তবে ওই চুক্তিতে ব্যবহারকারীদের তথ্য অন্তর্ভুক্ত নেই। আদালতে জমা দেওয়া নথিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি চাইলে ব্যবহারকারীদের তথ্য অন্য ক্রেতার কাছে বিক্রি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, চ্যাটবটের সঙ্গে কথোপকথনে মানুষ অনেক বেশি ব্যক্তিগত তথ্য প্রকাশ করেন। এমনকি ব্যবহারকারীরা বন্ধু ও পরিবারের সদস্যদের সম্পর্কেও তথ্য জানাতে পারেন, যাঁরা নিজেরা ওই সেবা ব্যবহার করেন না।
বিশেষজ্ঞদের আশঙ্কা, এআই খাতে বিপুল বিনিয়োগের কারণে অনেক প্রতিষ্ঠান ভবিষ্যতে বন্ধ হয়ে যেতে পারে বা অন্য প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত হতে পারে। তখন ব্যবহারকারীদের তথ্য বিক্রির জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠতে পারে। এ পরিস্থিতিতে বিশেষজ্ঞরা এআই সেবার গোপনীয়তা নীতিমালা যাচাই, ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্কতা এবং সেবা ব্যবহার বন্ধ করলে সম্ভব হলে নিজের তথ্য মুছে ফেলার পরামর্শ দিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি