প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ২:৫৮ পিএম

বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬) নিয়ে গেমারদের আগ্রহের শেষ নেই। বাস্তবসম্মত গ্রাফিকস, দ্রুতগতির গাড়ি চালানো ও বিশাল ভার্চুয়াল জগতের অভিজ্ঞতার পাশাপাশি গেম খেলার প্রভাব পড়তে পারে মস্তিষ্কের বিভিন্ন কার্যক্রমেও। স্নায়ুরোগ বিশেষজ্ঞ ও বিভিন্ন গবেষণার তথ্য অনুযায়ী, ভিডিও গেম খেলার সময় সিদ্ধান্ত গ্রহণ, স্মৃতিশক্তি, সমস্যা সমাধান ও নতুন কিছু শেখার সঙ্গে যুক্ত মস্তিষ্কের একাধিক অংশ সক্রিয় হয়।
রিকগনিশন হেলথের কনসালট্যান্ট নিউরোলজিস্ট ডা. স্টিভ অ্যাল্ডারের মতে, গেম খেলার সময় প্রিফ্রন্টাল কর্টেক্স সক্রিয় থাকে, যা সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এ ছাড়া ভার্চুয়াল পরিবেশে পথ চিনে চলা ও বিভিন্ন তথ্য মনে রাখার সময় স্মৃতির সঙ্গে সংশ্লিষ্ট হিপোক্যাম্পাসও সক্রিয় হতে পারে। গবেষণায় দেখা গেছে, অ্যাকশনধর্মী গেম খেলার মাধ্যমে দ্রুত তথ্য বিশ্লেষণ, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া এবং প্রতিক্রিয়া জানানোর মতো দক্ষতার উন্নতি হতে পারে। ২০২২ সালের একটি গবেষণায় সপ্তাহে অন্তত পাঁচ ঘণ্টা অ্যাকশন গেম খেলা ব্যক্তিরা মানসিকভাবে বিভিন্ন আকৃতি ঘোরানোর পরীক্ষায় গেম না খেলা ব্যক্তিদের তুলনায় ভালো করেছেন।
অন্য একটি গবেষণায় আগে গেম না খেলা ব্যক্তিদের তিন মাস ধরে সপ্তাহে প্রায় পাঁচ ঘণ্টা অ্যাকশন গেম খেলতে দেওয়া হয়। গবেষণার শেষে তাঁদের শেখার গতি বেড়েছে বলে দেখা যায়। তবে এসব সম্ভাব্য উপকারিতার অর্থ এই নয় যে দীর্ঘ সময় গেম খেলা স্বাস্থ্যকর। বিশেষজ্ঞরা গেম খেলার পাশাপাশি পড়াশোনা, কাজ, ঘুম ও অন্যান্য দৈনন্দিন কার্যক্রমের মধ্যে ভারসাম্য রাখার পরামর্শ দিয়েছেন। জিটিএ ৬-এর মতো আকর্ষণীয় গেম খেলার ক্ষেত্রেও তাই সময়ের বিষয়ে সচেতন থাকা জরুরি।
স্বদেশ প্রতিদিন/এস পি