প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ২:১৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তির আবেদনের সময়সীমা আরও দুই দিন বাড়ানোর কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তাঁর ঘোষণা অনুযায়ী, ২৫ নভেম্বরের পরিবর্তে ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। পোস্টে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা ২ দিন বৃদ্ধি করা হবে।’
তবে প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সাধারণ ভর্তি কমিটির জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্তই আবেদনের সুযোগ রয়েছে। ফলে সময়সীমা বাড়ানোর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।
স্বদেশ প্রতিদিন/এস পি