প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১:২২ পিএম

কক্সবাজারের উখিয়ার ইনানীর ছোট ব্রিজ এলাকায় এক মাস ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ৩০ ইঞ্চি কেসিং স্থাপন করে কূপের বিভিন্ন স্থান দিয়ে বের হওয়া গ্যাসের আগুন বন্ধ করা হয়। কেসিংয়ের সঙ্গে বিশেষ ডাইভার্ট লাইন সংযুক্ত করে গ্যাস নির্গমনের পথ পরিবর্তনের মাধ্যমে এ সাফল্য এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
বাপেক্স জানায়, আগুন নিয়ন্ত্রণে এলেও কূপের কাজ শেষ হয়নি। পরবর্তী ধাপে ড্রিল পাইপ প্রবেশ করিয়ে আরও এক হাজার ফুট গভীর পর্যন্ত খনন করা হবে। এ সময় ভূগর্ভস্থ চাপ নিয়ন্ত্রণে বিশেষ কাদা মিশ্রণ ব্যবহার করা হবে। পরে ভূতাত্ত্বিক ও সিসমিক জরিপের তথ্য বিশ্লেষণ করে কূপটিতে গ্যাসের সম্ভাবনা যাচাই করা হবে। আগুন নিয়ন্ত্রণে আসার অর্থ কূপে গ্যাসের মজুত বা বাণিজ্যিক সম্ভাবনা নিশ্চিত হওয়া নয়।
গত ২৭ অক্টোবর ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় মাটির নিচ থেকে গ্যাস উদ্গিরণ শুরু হয়। একপর্যায়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গ্যাসে আগুন ধরে যায়। পরে কূপের বিভিন্ন স্থান দিয়ে গ্যাস বের হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এরপর টানা এক মাস ধরে আগুন জ্বলছিল।
স্বদেশ প্রতিদিন/এস পি